ইত্তেফাক রিপোর্ট
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ জাকির হোসেন দীর্ঘ ৩২ বছরের অধিক সময় সরকারি চাকরি শেষে অবসরোত্তর ছুটিতে গিয়েছেন। ১৯৮৫ ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘ ৩২ বছরের চাকরি শেষে গতকাল মঙ্গলবার অবসরোত্তর ছুটিতে যান।
গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ জাকির হোসেন নিরীক্ষা ও হিসাব বিভাগে তার বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন। সিজিডিএফ হিসেবে যোগদানের আগে তিনি ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) পদে বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে কর্মরত ছিলেন। পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তার দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, খাদ্য ও কৃষি সংস্থা এবং ঢাকাস্থ রয়েল নরওয়ে দূতাবাস উল্লেখযোগ্য। তার বিদায় উপলক্ষ্যে গত রবিবার স্বাস্থ্যবিধি মেনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার কর্মজীবনের ওপর স্মৃতিচারণমূলক আলোচনাসভা এবং বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।