পিরোজপুর অফিস
পিরোজপুরের জেলা কারাগারে দুই বন্দিকে মারপিটের অভিযোগে আট বন্দির বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে কারাগারের জেলার আবুল হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে শাকিল আহমেদ সাদি (২৫) ও আরিফুর ইসলামের (২০) নামের দুই বন্দির সঙ্গে আলী হাসানসহ আসামিরা তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া করে। ঝগড়া এক পর্যায়ে পিরোজপুর শহরতলীর উত্তর নামাজপুর গ্রামের আলী হাসান, খানাকুনিয়ারি গ্রামের কাওসার শেখ, সুজন শেখ, সজিব শেখ ও শুভ শেখ, আলামকাঠি গ্রামের মেহেদী মীর, হোরেরহাওলা গ্রামের সুমন শেখ ও চুঙ্গাপাশা গ্রামের শাকিল আহমেদের হামলায় শাকিল আহমেদ সাদি আহত হয়। আহত শাকিল আহমেদকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। এ মামলার আসামিরা পৃথক দুটি হত্যা মামলায় এবং আহত ব্যক্তি মঠবাড়িয়ায় এক ছাত্রলীগ নেতা হাত কেটে বিচ্ছিন্ন করার মামলার বন্দি আসামি। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল কারাগারে বন্দিদের মধ্যে মারামারির ঘটনায় মামলা সত্যতা নিশ্চিত করেন।