সালথা বাজার
সালথা (ফরিদপুর) সংবাদদাতা
বৃষ্টি হলেই সালথা উপজেলা সদর বাজারের অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বাজারের ব্যবসায়ী ও জনসাধারণকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। সরেজমিনে দেখা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ এ বাজারে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। পানি নিষ্কাশনের নালা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। বাজারের ভেতর ইটের রাস্তাগুলোর ইট উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে বাজারে আসা লোকজনকে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। স্থানীয় মনির মোল্যা বলেন, এক যুগ ধরে বাজারের গলিতে ইটের রাস্তাগুলোর এমন বাজে অবস্থা হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে জনসাধারণকে। সামান্য বৃষ্টি হলেই পানি আটকে অনেক সময় দোকানে উঠে যায়। এতে ব্যবসায়ীদের দুর্দশার সীমা থাকে না। বাজারের ব্যবসায়ী মারুফ হোসেন বলেন, পথচারী, স্থানীয় ব্যবসায়ী এবং বাজারে আসা লোকজন ময়লা-আবর্জনা অহরহ নালায় ফেলেন। এ কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। নিয়মিত নালা পরিষ্কার রাখলে জলাবদ্ধতা সৃষ্টি হতো না। ময়লা-আবর্জনায় নালা ভরে থাকে। পানি ঠিকমতো নামতে পারে না। এ কারণে সামান্য বৃষ্টিতেই বাজারের অলিগলিতে পানি জমে। উপজেলা প্রকৌশলী আর আমি কয়েক দফা ভিজিট করেছি। কিন্তু দোকানদাররা নিজেরা ড্রেনে ময়লা ফেলে তা বন্ধ করে দিয়েছে।