অতিরিক্ত যাত্রীবহনের দায়ে চালকের জরিমানা

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

করোনা ভাইরাস পরবর্তী সংক্রমণ বিস্তার রোধে মুক্তাগাছায় যাত্রিবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত যাত্রীবহনের দায়ে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ময়মনসিংহ-উত্তরবঙ্গ সড়কের মুক্তাগাছার চেরুমন্ডল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও ২টি যাত্রিবাহী বাস এর বিরুদ্ধে ৮টি মামলায় মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুক্তাগাছা উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল মনসুর জানান, অতিরিক্ত যাত্রীবহনের কারণে আটটি মামলায় সংশ্লিষ্টদের ১২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।