শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে মোবাইল ফোনসেট চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান ও জেলা গোয়েন্দা পরিদর্শক সাইফুল আলম অভিযান চালিয়ে চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করেন। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামান। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্রে জানা গেছে, জেলা শহরের পালং বাজারের উত্তর প্রান্তে সেমন্ত ঘোষের মোবাইল ফোনসেট বিক্রির দোকানে গত ৫ অক্টোবর ৯ জনের একটি চোরের দল সাটারের তালা কেটে প্রবেশ করে। এরপর ১৬২টি মোবাইল ফোনসেট নিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামান বলেন, ঐ চক্র এর আগে নড়িয়ায় তিনটি চুরির ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা, ঝিনাইদহ, রাজবাড়ী ও নড়াইলসহ বিভিন্ন স্থানে ৫০টি চুরির ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা হবে।