আজ থেকে সাত দিন বন্ধ আমদানি-রপ্তানি

হিলি স্থলবন্দর

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন। এর ফলে আজ বুধবার থেকে এই বন্দর দিয়ে বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম। আগামী ২৮ অক্টোবর থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, বৃহস্পতিবার থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এ কারণে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী ২১-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সংগঠনটির সেক্রেটারী অশোক কুমার মণ্ডল স্বাক্ষরিত পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফলে আজ বুধবার থেকে সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আগামী ২৮ অক্টোবর বুধবার থেকে এই বন্দর দিয়ে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হবে। বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ইতিমধ্যে বন্ধের বিষয়টি সব আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের পত্রের মাধ্যমে জানানো হয়েছে। বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, সরকারি ছুটির দিন ২৬ অক্টোবর ছাড়া পানামা পোর্টের অভ্যন্তরের সব ধরনের কার্যক্রম চালু থাকবে।