ইত্তেফাক রিপোর্ট
বুক বিল্ডিং পদ্ধতির নিলামে ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফের কাট-অফ প্রাইস ৩০ টাকা নির্ধারণ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১৫০ কোটি টাকা সংগ্রহে মোট ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করবে। এ হিসেবে প্রতিটি শেয়ারের ইস্যু দর পড়বে ৩৩ দশমিক ১৫ টাকা। পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, বিডিংয়ে কাট-অফ প্রাইস থেকে উপরে যোগ্য বিনিয়োগকারীরা যে দর প্রস্তাব করবেন, সেই দরে শেয়ার নিতে হবে। যাতে করে লুব-রেফের কাট-অফ প্রাইস ৩০ টাকা হলেও এর ওপরে দর প্রস্তাবকারীদেরকে তাদের প্রস্তাবিত দরেই শেয়ার কিনতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৬০ টাকা করে দর প্রস্তাব করা এশিয়া ইনসিওরেন্সকে ঐ দরেই শেয়ার কিনতে হবে। এ কারণে গড় শেয়ার ইস্যু দর কাট-অফ প্রাইসের থেকে বেশি হবে।
কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকার জন্য ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করা হবে। অর্থাত্ যোগ্য বিনিয়োগকারীরা গড়ে প্রতিটি শেয়ার কিনবেন ৩৯ দশমিক ৩০ টাকা করে। অন্যদিকে পাবলিক ইস্যু রুলসের বিধান অনুযায়ী, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীদের জন্য কাট-অফ প্রাইসের থেকে ১০ শতাংশ ডিসকাউন্টে শেয়ার ইস্যু করা হবে। এ হিসাবে আইপিওতে প্রতিটি শেয়ার ২৭ টাকা করে ইস্যু করা হবে। এ জন্য সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহের জন্য ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করা হবে। অর্থাত্ সাধারণ বিনিয়োগকারীদের কাছে গড়ে প্রতিটি শেয়ার ২৭ টাকা করে বিক্রি করা হবে।