ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ‘স্মার্ট সিটি’তে রূপান্তর করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব দেন। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট সিটি নিয়ে ভারতীয় হাইকমিশনারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ সময় একটি লিখিত প্রস্তাবনার অনুরোধ করেন। প্রত্যুত্তরে ভারতীয় হাইকমিশনার দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানান। বৈঠকে মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ মৌলিক সেবা কার্যক্রমের দৃশ্যমান পরিবর্তন সাধনে নেতৃত্ব দেওয়ায় ভারতের হাইকমিশনার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে অভিনন্দন জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ আয়োজনে ভারতীয় অ্যাথলেটদের অংশগ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনারের সহযোগিতা চান মেয়র। ভারতীয় হাইকমিশনার এতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় আরো বলেন, ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় বর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত প্রস্তাবটি ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করছি শিগিগরই এ কাজে গতি আসবে। এ সময় করোনার প্রভাব কমলে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসকে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং কলকাতা সিটি করপোরেশনসহ কয়েকটি সিটি করপোরেশন এলাকা সরেজমিনে প্রত্যক্ষ করে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন। প্রস্তাবে মেয়র ইতিবাচক সাড়া দিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও বৈঠকে ভারতীয় হাইকমিশনার নিরাপদ ডিজিটাল ব্যাংকিং, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপন এবং রাজস্ব সংগ্রহ ও আদায় বাড়াতে প্রযুক্তিনির্ভর সমাধান, দুই দেশের আইনজীবীদের নিয়ে একটি আইনবিষয়ক বইমেলা আয়োজন এবং প্রয়োজনে বাংলাদেশ ও ভারতের বিচারপতিগণ বাংলাদেশ থেকে ভারতের এবং ভারত থেকে বাংলাদেশের হাইকোর্ট ও সুপিম কোর্ট পরিদর্শনের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা করারও প্রস্তাব দেন। বৈঠকে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী উপস্থিত ছিলেন।