মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে বর্ণিল সাইকেল শোভাযাত্রা হয়েছে। গতকাল শহরের মুক্তিযুদ্ধের ভাস্কর্য থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এই সাইক্লিং শেষ হয় শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকা রাউন্ড টেবিল ও অন্বেষণ বিক্রমপুরের যৌথ আয়োজনে এই সাইক্লিং দর্শক হূদয় জয় করে নেয়। ‘বাংলাদেশ এগিয়ে যাবেই’ শিরোনামে ১০০ সাইক্লিস্ট অংশ নেন এই শোভাযাত্রায়।
শহর থেকে গ্রামের মেঠোপথ ধরে আট কিলোমিটার অতিক্রম করে শোভাযাত্রা। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর হেড কোয়ার্টার) মো. আদিবুল ইসলাম। সভাপতিত্ব করেন অন্বেষণ বিক্রমপুর সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও ঢাকা রাউন্ড টেবিল সংগঠক এজাজ হাসান রনি।