ইত্তেফাক রিপোর্ট
করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত থাকার জন্য কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সব কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ইউরোপের অনেক দেশেই করোনা আক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে। এই দ্বিতীয় ঢেউ যদি বাংলাদেশে আসে তবে সবচেয়ে বেশি আক্রান্ত হবে কৃষি খাত। এক্ষেত্রে আমাদের যে ধরনের পরিস্থিতিই আসুক না কেন তা মোকাবিলা করে কাজ অব্যাহত রাখতে হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সভায় এ কথা বলেন তিনি। সভা সঞ্চালনা করেন কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম।
কৃষিমন্ত্রী বলেন, সরকারের যুগোপযোগী পদক্ষেপ ও বাস্তবায়নের ফলে করোনা, আম্ফান ও দীর্ঘমেয়াদি বন্যা মোকাবিলা করে বাংলাদেশ খাদ্য উত্পাদনের ধারা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত দেশে খাদ্য নিয়ে কোনো বিপর্যয় ও খাদ্যসংকট হয়নি। আশা করি, আগামী দিনেও খাদ্যের কোনো সংকট হবে না।
সভায় জানানো হয়, চলমান ২০২০-২১ অর্থবছরের এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৬৮টি প্রকল্পের অনুকূলে মোট ২ হাজার ৩৬১ কোটি টাকা বরাদ্দ আছে। সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ৯ শতাংশ।