ইত্তেফাক ডেস্ক
বয়স এখন ৯৪ বছর। এজন্য চেয়েছিলেন ডাকযোগে ভোট দিতে। কিন্তু ব্যালট না আসায় শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে হাজির হয়ে আগাম ভোট দেওয়ার উদ্যোগ নেন তিনি। এজন্য আসতে-যেতে পাড়ি দিয়েছেন ৬৬০ মাইল পথ। এই মার্কিন নারীর নাম মিলড্রেড ম্যাডিসন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ম্যাডিসন বসবাস করেন ডেট্রোয়েটে। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি থাকছেন ইলিনয়ের জিয়নে ছেলে জুলিয়ানের সঙ্গে। মহামারির কারণে তিনি ডেট্রোয়েটে ফিরতে পারেননি। ম্যাডিসন বলেন, আমিই ছেলেকে বলেছিলাম, ডেট্রোয়েটে গিয়ে ভোট দেওয়াটাই ভালো। ভোট দিতে পেরে আমি আনন্দিত। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৮০ লাখ আগাম ভোট পড়েছে। বিগত নির্বাচনগুলোর আগে এই সময়কালে এত বেশি ভোট আগে কখনো পড়েনি। বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারির কারণে ভোটাররা কেন্দ্রে না গিয়ে বিকল্প উপায় বেছে নিচ্ছে।
খবরে বলা হয়েছে, গত ১২ অক্টোবর মা ও ছেলে সকাল সাড়ে ৬টায় ডেট্রোয়েটের উদ্দেশে রওনা হন। দুপুরের আগেই তারা ডেট্রোয়েট সিটি হলে পৌঁছে যান। ভোট দিয়ে ঐ দিনই তারা মোট ৬৬০ মাইল পাড়ি দিয়ে বাড়ি ফেরেন। ম্যাডিসন জানান, ভোট দিতে পারাটা তার জন্য অনেক বড় ব্যাপার। কারণ গত ৭২ বছরে শহর, রাজ্য, কাউন্টি কিংবা জাতীয় ভোটের সবকটিতেই ভোট দিয়েছেন তিনি।