প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে অনশন

ইত্তেফাক রিপোর্ট

২০১৮ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৫ হাজার প্রার্থীকে প্যানেল করে নিয়োগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নিয়োগ প্রত্যাশীরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেছেন তারা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

কয়েকদিন ধরেই অবস্থান কর্মসূচি পালন করছেন প্যানেল প্রত্যাশীরা। মঙ্গলবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন প্রার্থীরা। প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলেও জানিয়েছেন তারা। অনশনরত প্রার্থীরা বলেন ২০১৮ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম সারাদেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তাদের মধ্য হতে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, যা মোট প্রার্থীর মাত্র ২ দশমিক ৩ শতাংশ। যা থেকে বোঝা যায়, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সবাই মেধাবী। তাই, মুজিববর্ষে প্যানেল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের নিয়োগের দাবি জানান।

প্রার্থীরা আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, মুজিববর্ষে কেউ বেকার থাকবে না। এছাড়া ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেলিন তিনি। তাই আমরা আশা করি, মুজিববর্ষে এই প্যানেল করে নিয়োগ দিলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অনেকাংশ বাস্তবায়ন হবে। কারণ, দেশের ৬১টি জেলার সব উপজেলার যোগ্য প্রার্থীরাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।