নরসিংদী আগৈলঝাড়া ও ডিমলায় আরো চার ধর্ষক গ্রেফতার

বরগুনায় সহপাঠীকে ধর্ষণ চেষ্টায় স্কুলছাত্র এবং নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই জন, বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষণের ঘটনায় বাম ছাত্র সংগঠনের নেতা, নীলফামরীর ডিমলায় শিশু ধর্ষণের অভিযোগে এক যুবক ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে সত্মাকে ধর্ষণ চেষ্টায় সতীনের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পাবনার সাঁথিয়ায় আট বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরগুনা (উত্তর): ঘরে একা পেয়ে সহপাঠীকে (১৬) ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণ করে প্রকাশের অভিযোগে দুই স্কুলছাত্রের বিরুদ্ধে সোমবার মামলা করা হয়। এ ঘটনায় নাহিদ ইসলাম কাকন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্ত শামীম পলাতক। জানা যায়, শনিবার রাতে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের একটি গ্রামে ওই ছাত্রীকে একা পেয়ে একজন ধর্ষণের চেষ্টা করে অপরজন ঘটনার ভিডিওচিত্র ধারণ করে। পরে ভিডিওটি ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়।

নরসিংদী: সদর উপজেলার শীলমান্দিতে ১৬ বছর বয়সী স্থানীয় একটি টেক্সটাইল মিলের শ্রমিক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পিবিআই। এ ঘটনায় গত সোমবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন।       গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার আব্দুল মান্নান ভূইয়ার ছেলে উসমান ভূইয়া ও মো: আমীর  হোসেনের ছেলে মো. জামান মিয়া।

আগৈলঝাড়া (বরিশাল): কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থী একটি বাম ছাত্র সংগঠনের নেতা সাজ্জাদ গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার আমবৌলা গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে সাজ্জাদ প্রেমের সূত্র ধরে বন্দরের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে(১৯) ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা সাজ্জাদকে আটক করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন।

ডিমলা (নীলফামারী): ডিমলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে শাহাজামাল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ সুন্দর খাতা গ্রামের বাকপ্রতিবন্ধি ৩য় শ্রেণির ওই ছাত্রীকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে একই গ্রামের শাহজামাল(২৫)। গ্রেফতারকৃত শাহজামালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম): ফুলবাড়ীতে এক সন্তানের জননী সত্মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সতীনের মাদকাসক্ত ছেলে মিজানুর রহমানকে (২৩) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার নাওডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার নির্যাতিতা নারী বাদী হয়ে এবিষয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই তাকে আটক করে। মঙ্গলবার আটক যুবককে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

সাঁথিয়া (পাবনা): সাঁথিয়ায় আট বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাগডেমরা মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের ২য় শ্রেণির ওই ছাত্রী ১৪ অক্টোবর পার্শ্ববর্তী বড়াল নদীতে গোসল করতে গেলে ওই গ্রামের সাকু ফকির শিশুটিকে একা পেয়ে যৌন হয়রানি করে।