আকবর বিদেশে পালালেও ফিরিয়ে আনা হবে

সিলেট অফিস

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পুলিশ ফাঁড়িতে নির্যাতনের কারণে রায়হানের মৃত্যুর ঘটনায় জড়িত এসআই আকবর যদি বিদেশে পালিয়েও যান, তবু তাকে ফিরিয়ে আনা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের আখালিয়ায় রায়হানের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন পররাষ্ট্রমন্ত্রী।  এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘আমার বিশ্বাস, আকবর এখনো দেশের বাইরে যাননি। সীমান্তগুলোকে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করেছি। তিনি বলেন, এর আগে সিলেটের রাজন হত্যার আসামিকেও সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয়েছিল। এসআই আকবরকে পুলিশের জন্য ‘লজ্জা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, এরকম দু-একজন কুলাঙ্গারের কারণে গোটা পুলিশ বাহিনী লজ্জিত। পুলিশের কেউই তাকে বাঁচানোর চেষ্টা করছে না। সুষ্ঠু তদন্ত চলছে। আমাদের পুলিশ খুবই দক্ষ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সবাই এ ঘটনার সুষ্ঠু বিচার চান। এ ধরনের বাজে ঘটনা যেন আর কোথাও না ঘটে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

প্রতিবাদ অব্যাহত :এদিকে রায়হানের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবারও নগরীতে প্রতিবাদ-কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে কোর্ট পয়েন্টে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ির দিকে তেড়ে যায়। এদিকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল টিটু চন্দ  দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিহাদুর রহমানের আদালতে নিয়ে রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করে। টিটু বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং রায়হান হত্যার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।