বিসিজি টিকা দেওয়ার পর নবজাতকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মহসিনা আকতার নামে ২২ দিন বয়সি এক নবজাতককে বিসিজি এবং অন্য আরেকটি টিকা দেওয়ার পর গতকাল মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, টিকার কারণে মৃত্যু হতে পারে। তবে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার বলেছেন, টিকা নেওয়ার কারণে শিশুর মৃত্যু হতে পারে না। টিকার মেয়াদ কিংবা এটি প্রয়োগে কোনো প্রকার ত্রুটি ছিল না। কী কারণে মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করা হবে।

জানা গেছে, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দে  মঙ্গলবার দুপুরে শিশুটিকে এই টিকা দেওয়া হয়। মহসিনা ঐ ইউনিয়নের জামাল গ্রামের আব্দুর রহিম মিয়ার মেয়ে। আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, ২২ দিন আগে সিজারিয়ানের মাধ্যমে তার মেয়ের জন্ম হয়। তার স্ত্রী অসুস্থ থাকায় মহসিনাকে তার দাদি টিকাদান কেন্দে  নিয়ে যান। সেখানে ঐ সময় কর্তব্যরত ইউনিয়ন স্বাস্থ্য সহকারী লুচি বেগম তার শরীরে বিসিজি টিকাসহ আরো একটি টিকা দেন। পর মুহূর্তেই সে ‘ঘুমিয়ে’ পড়লে সেই অবস্থায় তাকে বাড়িতে নিয়ে এসে বিছানায় শুয়ে দেন তার দাদি। একটু পর তার মা তাকে দুধ খাওয়াতে গিয়ে দেখেন তার সন্তান মারা গেছে। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তিনি বলেন, টিকা দিয়ে সেখান থেকে বাড়িতে আসতে সময় লেগেছে মাত্র ১০ থেকে ১২ মিনিট। মহসিনার বাবা আব্দুর রহিম সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার বিচার দাবি করেন। এদিকে, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী লুচি বেগম বলেন, টিকা দেওয়ার কারণে তার মৃত্যু হওয়ার কথা নয়। অপরদিকে, সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে শিশুর মহদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।