ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচা বন্ধে এলাকা পাহারা দেওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা গেছেন এক যুবক। ঐ এলাকায় গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তার বাবা নুরুল ইসলাম ইউপি সদস্য পদে নির্বাচন করেছেন। বাবার প্রতিপক্ষ যেন ভোটারদের মধ্যে টাকা বিতরণ করে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে সে জন্যই রাত জেগে এলাকায় পাহারা দিচ্ছিলেন ঐ যুবক।
নিহত যুবকের নাম আসিবুর রহমান আসিফ (১৮)। সোমবার গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাত জেগে এলাকা পাহারা দেওয়ার এক পর্যায়ে আসিফ ক্লান্ত শরীরে রেললাইনের স্লিপারের ওপর বসে পড়েন। ঠিক সেই সময়ে চলে আসে ঢাকা টু রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনের ধাক্কায় প্রথমে লাইনের ধারে ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জিআর পুলিশকে অবগত করা হয়েছে।