নিম্ন আদালত থেকে জামিন পেলেন বিডিনিউজের প্রধান সম্পাদক

দুর্নীতির মামলায় নিম্ন আদালত থেকেও জামিন পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। উচ্চ আদালতের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে গতকাল মঙ্গলবার তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুরের আদেশ দেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট নজিব উল্লাহ হিরু, ঢাকা বারের সাবেক দুই সম্পাদক আব্দুর রহমান হাওলাদার ও মিজানুর রহমান মামুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

গত ২৬ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিডিনিউজ সম্পাদককে আট সপ্তাহের আগাম জামিন দেন। হাইকোর্টের দেওয়া ঐ জামিন আদেশ বহাল রাখে আপিল বিভাগ।

অসাধু উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে গত ৩০ জুলাই মামলাটি করে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, উনি চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উত্স দুদক পায়নি। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ঐ টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।