আজকের সুস্থ কন্যা শিশুই ভবিষ্যতের সুস্থ মা:স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতন কিশোরী, সচেতন অভিভাবক, সচেতন সমাজ, সচেতন শিক্ষক-শিক্ষিকা সকলের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যারত্নদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। কেননা, একজন সুস্থ মা-ই পারেন একটি সুস্থ জাতি উপহার দিতে। আর, আজকের সুস্থ কন্যাশিশুই ভবিষ্যতের সুস্থ মা। এক্ষেত্রে, পঞ্চগড় জেলা প্রশাসনের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ মডেলটি কন্যারত্নদের উন্নয়ন নিশ্চিত করতে পারে।

মুজিববর্ষ উপলক্ষ্যে পঞ্চগড় জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ হিসেবে গতকাল মঙ্গলবার ‘আমাদের এম্বাসেডর, আমাদের কন্যারত্ন’ মডেল আয়োজিত ‘প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন সচেতনতা ক্যাম্পেইন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার একথা বলেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান।