জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার উদ্যোগ নেওয়া হচ্ছে। ৮ থেকে ১০ নভেম্বর এই অধিবেশন বসতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে সংসদের এই বিশেষ কিংবা দশম অধিবেশন আহ্বান করবেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল মঙ্গলবার ইত্তেফাককে জানান, করোনার মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ইতিমধ্যে আমরা তিনটি অধিবেশন সম্পন্ন করেছি। একইভাবে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ অধিবেশনটি বসবে। সংসদ সদস্যদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে অধিবেশনে যোগ দিতে নিরুত্সাহিত করা হবে। অন্য সদস্যদের সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। যাদের ফল নেগেটিভ আসবে তারা অধিবেশনে যোগ দেবেন।
স্পিকার জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বসতে যাওয়া বিশেষ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। প্রথম দিন করোনা নেগেটিভ থাকা সব সংসদ সদস্য অধিবেশনে যোগ দিতে পারবেন।