বোরহানউদ্দিনে মা-ইলিশ শিকারের অপরাধে ১৬ জেলের জেল-জরিমানা

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ আহরণের অপরাধে পৃথক দুটি অভিযানে ১৬ জেলেকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার তেঁতুলিয়া নদীতে জেলা মত্স্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, মত্স্য বিভাগ ও থানা পুলিশের যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন বলে জানান বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন।

অভিযানে জসিম, রুবেল, আব্দুল জব্বার, বারেক আশ্রাফ কামরুল জামসেদ হাসনাইন ও ফজলে রাব্বিসহ ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১ হাজার মিটার জাল ও মাছ জব্দ করা হয়। অন্যদিকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একই দিন মেঘনা নদীতে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সাত জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ১০ কেজি মাছ ও ২টি নৌকা। সোমবার রাতে সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জেলের মধ্যে মফিজ, ফরিদ, শাকিব, ফিরোজ, রাকিব ও আলমগীরকে এক বছর করে জেল ও সাহিনকে ২ হাজার টাকা জরিমানা করেন।

একই কর্মকর্তা গতকাল অপর একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ৯ জেলের মধ্যে জসিম, রুবেল, আব্দুল জব্বার, বারেক ও আশ্রাফসহ প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। কামরুল, জামসেদ হাসনাইন, ফজলে রাব্বিকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, বোরহানউদ্দিনে গতকাল পর্যন্ত অভিযানে ৩৮ জেলেকে আটক করা হয়েছে।