ট্রাম্প-বাইডেন শেষ বিতর্ক ২২ অক্টোবর

এক প্রার্থীর বক্তব্যের সময় বন্ধ থাকবে অন্যের মাইক্রোফোন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে ২২ অক্টোবর। বিতর্কে বিশৃংখলা এড়াতে এবার মিউট বাটন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বিতর্কের আয়োজক দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট। সোমবার এই ঘোষণা দিয়েছে কমিশন। এই নিয়মে রিপাবলিকানরা ক্ষুব্ধ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্কে অংশ নেবেন। খবর সিএনএনের

নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যখন বক্তব্য দেবেন তখন আরেক প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে। সোমবার বির্তকে বিশৃংখাল এড়াতে বৈঠকে বসে কমিশন। কারণ প্রথম বিতর্কে ট্রাম্প বারবার তার প্রতিপক্ষ বাইডেনের বক্তব্যের মাঝে বাধা দিচ্ছিলেন। এ নিয়ে ব্যাপক বিশৃংখলার সৃষ্টি হয় এবং সমালোচনা হয়। কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা অসুন্দর হলেও তিনি বিতর্কে অংশ নেবেন। তবে রিপাবলিকান দলের যোগাযোগ পরিচালক টিম মুরতাফ এর নিন্দা জানিয়ে বলেছেন, কমিশন আরেক প্রার্থীকে সুবিধা করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রথম বিতর্কে বাইডেন জয়ী হয়েছেন বলে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে। দ্বিতীয় বির্তক সরাসরি না হলেও দু’টি টেলিভিশনে প্রার্থীরা অংশ নিয়েছিলেন। তারা সেখান থেকেই দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।