ভোক্তা ঋণ বাড়াতে সঞ্চিতি কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ভোক্তা ঋণে গতি আনতে ঋণের বিপরীতে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের হার বিদ্যমান ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে এনেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এতদিন ১০০ টাকা ভোক্তা ঋণ দিলে এর বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বাবদ ব্যাংকগুলোকে পাঁচ টাকা সংরক্ষণের বাধ্যবাধকতা ছিল। এখন থেকে ১০০ টাকা ঋণের বিপরীতে দুই টাকা সংরক্ষণ করতে হবে। ফলে ব্যাংকগুলোর পক্ষে ভোক্তা ঋণ বিতরণ করা সহজ হবে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত ব্যাংকগুলোর বৈঠকে ব্যাংকের নির্বাহী এ দাবি তোলেন। তারা সব ধরনের ভোক্তা ঋণের বিপরীতে দুই শতাংশ প্রভিশন নির্ধারণ করার দাবি করেন। এরই আলোকে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।