আফগানিস্তানে পদদলিত হয়ে ১৫ জন নিহত

 রয়টার্স

আফগানিস্তানের একটি শহরে পাকিস্তানের কনস্যুলেটে ভিসার আবেদন করতে জড়ো হওয়া কয়েক হাজার মানুষের ধাক্কাধাক্কির মধ্যে ভিড়ের চাপে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে পাকিস্তান কনস্যুলেটের সামনে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ঘটনার এক দিন পর বুধবার দুই জন প্রাদেশিক কর্মকর্তা জানান, কনস্যুলেটের বাইরে একটি খেলার মাঠে আনুমানিক ৩ হাজার লোক জড়ো হয়েছিল, ভিসার আবেদন জানাতে প্রয়োজনীয় টোকেন সংগ্রহের জন্য অপেক্ষা করছিল তারা। জালালাবাদের একজন কর্মকর্তা বলেন, ‘কনস্যুলেটের কর্মকর্তাদের কাছ থেকে টোকেন নেওয়ার জন্য ভিসাপ্রার্থীরা ধাক্কাধাক্কি শুরু করে, তারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।’ নিহতদের মধ্যে ১১ জন নারী এবং আহত এক ডজনেরও বেশি লোকের মধ্যে বেশ কয়েক জন বয়স্ক ব্যক্তি রয়েছে বলে জানিয়েছেন নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি। ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য কাবুলের পাকিস্তান দূতাবাসে তাত্ক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। প্রতি বছর চিকিত্সা, শিক্ষা ও কাজ খুঁজতে হাজার হাজার আফগান নাগরিক প্রতিবেশী পাকিস্তানে যায়। পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী ও অভিবাসী অবস্থান করছে। নিজেদের যুদ্ধবিধ্বস্ত দেশে বিরাজমান সহিংসতা, দারিদ্র্য ও ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে তারা প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেয়। দেশ দুটির মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার যৌথ সীমান্ত আছে।