চট্টগ্রাম কাস্টমস হাউজে চালু হচ্ছে অনলাইন নিলাম পদ্ধতি

ইত্তেফাক রিপোর্ট

বন্দরে পণ্য নিলামে প্রচলিত পদ্ধতির পাশাপাশি প্রথমবারের মতো অনলাইন পদ্ধতি বা ই-অকশন চালু করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। আগামী ২৭ অক্টোবর এ পদ্ধতির উদ্বোধন করা হবে। দরপত্রদাতারা ঐ দিন দুপুর থেকে পরদিন বিকেল পাঁচটা পর্যন্ত ওয়েবসাইটে (www.chc.gov.bd/www.nbr.gov.bd) প্রবেশ করে দরপত্র দাখিল করতে পারবেন।  যেসব পণ্য বাজেয়াপ্ত করা হয় কিংবা ৩০ দিনের মধ্যে আমদানিকারক খালাস করেন না, ঐ সব পণ্য রিমোভাল লিস্টের (আরএল) আওতায় নিলামের উদ্যোগ নেয় কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। অনলাইনে অংশগ্রহণকারীরা উপস্থিত হয়ে দরপত্রে অংশ নেন। এটি সিল টেন্ডার হিসেবে পরিচিত। চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে এটিই প্রথম কোনো কাস্টমস হাউজে ই-অকশন। শুরুতে পরীক্ষামূলকভাবে ১৮টি পণ্যের লট এ প্রক্রিয়ায় নিলাম করা হবে। এ প্রক্রিয়া দেখভাল করছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ফয়সাল বিন রহমান। ইত্তেফাককে তিনি বলেন, ১৮টি লট নিয়ে পরীক্ষামূলকভাবে এটি চালু হচ্ছে। এটি সফল হলে কিংবা কোনো ত্রুটি দেখা দিলে তা সংশোধন করে আরো বৃহত্ পরিসরে ই-অকশন পদ্ধতি চালু করা হবে।