চার দিন পর পতন লেনদেনও কমেছে

শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

গত বৃহস্পতিবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত টানা চার দিন শেয়ারবাজারে উত্থান হয়। তবে গতকাল বুধবার সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে গতকাল টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। জানা গেছে, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৬ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৫ দশমিক ০৭ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৯ কোটি ৮০ লাখ টাকা কম।  ডিএসইতে গতকাল ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির বা ৩০ দশমিক ৭৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৮টির বা ৫০ দশমিক ২৮ শতাংশের এবং ৬৭টি বা ১৮ দশমিক ৯২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৮৯ পয়েন্ট কমে গতকাল ১৪ হাজার ৩৪ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর। গতকাল সিএসইতে ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।