প্রবীণ বিএনপি নেতা এম নূরুল ইসলামের ইন্তেকাল

খুলনা অফিস

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নূরুল ইসলাম দাদু ভাই (৯৪) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার বার্ধক্যজনিত কারণে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

গতকাল মরহুমের মরদেহ নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে খুলনা মহানগর ও জেলা বিএনপি, বিভিন্ন থানা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

বাদ আসর খুলনা সার্কিট হাউজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কেসিসির মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অমিত ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে মরহুমের লাশ নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।