এক বছরেও ফল প্রকাশ হয়নি সংগীত বিভাগের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি সংবাদদাতা

পরীক্ষার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ফলের দেখা পাননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগ প্রতিষ্ঠার পর থেকে সেশনজট লেগেই আছে। দ্রুত সময়ে ফল প্রকাশসহ নানা দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। শেষ সেমিস্টারের ফল প্রকাশ না হওয়ায় চাকরির পরীক্ষায়ও আবেদন করতে পারছেন না শিক্ষার্থীরা। এতে বাড়ছে বিভাগের সেশনজট। জানা যায়, অনার্স (স্নাতক) অষ্টম সেমিস্টারের (ফাইনাল) ২০১৪-১৫ সেশনের পরীক্ষা শেষ হয়েছে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর । অথচ এ পর্যন্ত ফল পাওয়া যায়নি। শিক্ষার্থীরা জানান, ফল প্রকাশে এমন দীর্ঘসূত্রতার ফলে বিভিন্ন চাকরিতে আবেদন করা থেকে পিছিয়ে পড়াসহ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে হতাশা। এ বিষয়ে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. আলী এফ এম রেজোয়ান বলেন, ‘আমরা ডেমো রেজাল্ট পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসে পাঠিয়েছি। কিছু ভুল থাকায় আবার পাঠিয়েছি। আগামী দুই দিনের মধ্যে রেজাল্ট বিভাগে আসবে। পরে তা প্রকাশ করব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, ‘সংগীত বিভাগ গত ৬ মার্চ ডেমো রেজাল্ট পাঠায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে। সংশোধনীর জন্য আবার বিভাগে পাঠানো হয়। এর পর গতকাল আবার তারা রেজাল্ট পাঠায়। তাতেও ভুল থাকায় আমরা ফেরত পাঠিয়েছি। নজিরবিহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘বিভাগ থেকে রেজাল্ট দেওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সর্বোচ্চ ১৫-২০ দিন সময় নেয়। এক্ষেত্রে সময়ক্ষেপণ সংশ্লিষ্ট বিভাগের চরম গাফিলতি।