মা-ইলিশ রক্ষায় নৌ-পুলিশের অভিযান

ইত্তেফাক রিপোর্ট

বিভিন্ন নদীতে ১৪০টি স্পিডবোট দিয়ে মা-ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। তাছাড়া ৩৭১টি বরফ কলের তালিকা প্রস্তুতের পাশাপাশি এদের বরফ উত্পাদন করতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন। তিনি বলেন, ককশিট প্রস্তুতকারী দোকানগুলোর ওপর নজরদারি করা হচ্ছে। কেউ যাতে ককশিট ও বরফের মাধ্যমে মাছ মজুত রাখতে না পারে সে দিকেও নজর রাখা হচ্ছে। গত এক সপ্তাহে নৌ-পুলিশ ৪ হাজার ৬৪২ কেজি মাছ, অবৈধ প্রায় সাড়ে ৩ কোটি মিটার জাল জব্দ করেছে তারা। অভিযানে ২০১ জেলের বিরুদ্ধে ৫২টি মামলা দায়ের করা হয়। এসব ঘটনায় ৮০৭ আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।