ইত্তেফাক রিপোর্ট
ইমাম মাহদি দাবিকারী সৌদি প্রবাসী বাংলাদেশি নাগরিক মুস্তাক মুহাম্মদ আরমান খানের অন্যতম সহযোগী সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসন জানান, গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার চালিয়ে আসছিলেন। মুস্তাক মুহাম্মদ আরমান খান দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে অপব্যাখ্যামূলক, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও, ভিডিও আকারে ইউটিউব চ্যানেল ‘তাকওয়া অনলাইন টিভি’, অন্যান্য ইউটিউব চ্যানেল ও তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে প্রচার করে আসছিলেন। আরো জানা যায়, মুস্তাক মুহাম্মদ আরমান খানের অনুসারী সংগ্রহের জন্য অনলাইন ও অফলাইনের মাধ্যমে তত্পরতা চালাচ্ছিলেন সিরাজুল ইসলাম।
জানা যায়, সম্প্রতি ইমাম মাহদি দাবিকারী মুস্তাকের বক্তব্যে বিভ্রান্ত হয়ে বাংলাদেশ থেকে বায়াত গ্রহণ ও কথিত জিহাদে অংশগ্রহণের উদ্দেশে সৌদি আরব গমনের সময় পুলিশের হাতে গ্রেফতার হন সিরাজুল। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সপরিবারে বসবাস করতেন দক্ষিণ বাড্ডায়। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হয়েছে।