সোনাতলায় প্রাণিসম্পদ অফিসের পাঁচ পদই শূন্য!

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

সোনাতলা উপজেলা প্রাণিসম্পদ অফিসে ১১ পদের মধ্যে পাঁচটি পদই শূন্য। স্বল্পসংখ্যক লোক দিয়ে দীর্ঘদিন ধরে চলছে অফিশিয়াল কাজকর্ম। বদলিজনিত গত আগস্ট থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদটি শূন্য হয়ে পড়ে। এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ঐ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. অজয় চন্দ্র। তিনি জানান, আমাদের এ অফিসে সৃষ্ট পদের সংখ্যা মোট ১১টি। এর মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ বদলিজনিত শূন্য এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ), উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (উত্পাদন), ড্রেসার ও অফিস সহায়ক পদ অবসরজনিত শূন্য হয়ে পড়ে। পূরণ রয়েছে ভেটেরিনারি সার্জনসহ ছয়টি পদ। দীর্ঘদিন ধরে ছয় জন দিয়ে চলছে অফিসের যাবতীয় কাজকর্ম। ডা. অজয় চন্দ্র আরো জানান, শূন্য পদগুলো পূরণ হলে কাজের সুুবিধা হবে। নৈশপ্রহরী ও ঝাড়ুদার পদের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ দুইটি পদ সৃষ্ট বা মঞ্জুরি নেই।