বান্দরবানে বিজিবির গুলিতে ইয়াবা ব্যবসায়ী নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি-সশস্ত্র রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আদহাম (২৩) মিয়ানমার সীমান্তের কোনাপাড়া এলাকায় শূন্য রেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের আবুল হাশেমের পুত্র।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু-বাইশফাঁড়ি সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে সশস্ত্র রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর গোলাগুলি হয়। দীর্ঘক্ষণ গোলাগুলির পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। এ সময় বন্দুক যুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আদহামের মৃত্যু হয়। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে। এসময় ঘটনাস্থল থেকে আরো ৪০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং ১টি বন্দুক, ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, তুমব্রু-বাইশফাঁড়ি সীমান্তে পাহাড়ি পথ পাড়ি দিয়ে সশস্ত্র রোহিঙ্গাদের একটি গ্রুপ মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের      সময় বিজিবি টহল দলের নজরে পড়ে। বিজিবি তাদের ধাওয়া করলে মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় বিজিবিও গুলি করলে দুপক্ষের গোলাগুলিতে এক জনের মৃত্যু হয়। দুজন বিজিবি সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে।