বগুড়ায় প্রাইভেট কারসহ চার অপহরণকারী আটক শিশু উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলায় সৌরভ (৪) নামের এক শিশুকে প্রাইভেটকার যোগে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে চার অপহরণকারী। এ সময় উত্তেজিত লোকেরা আটক চার জনকে বেদম মারধর করে অবরুদ্ধ করে রাখে। প্রাইভেটকারটি ব্যাপক ভাঙচুর করে। ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ার অভিযোগ তুলে স্থানীয়রা পুলিশের ওপরও চড়াও হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী উপজেলার পাঁচমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারসহ চার অপহরণকারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন মিল্লাত (৩০) রেজাউল (২৪) আল-আমিন (২২) ও শরিফুল (২২)।

এলাকাবাসী জানায়, গাবতলী উপজেলার মোদিপাড়া গ্রামের কৃষক           সুজনের ছেলে সৌরভ (৪) বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় একটি প্রাইভেটকারে শিশুটিকে তুলে নিয়ে বগুড়া শহরের দিকে রওনা হয়। গ্রামের লোকজন ধাওয়া করে এক কিলোমিটার দূরে পাঁচমাইল নামক স্থানে প্রাইভেটকারটি আটক করে। এ সময় স্থানীয় লোক জন শিশুটিকে উদ্ধার করে প্রাইভেটকারসহ চার জন অপহরণকারীকে আটক করে। এ সময় এলাকার শতশত লোক আটক চার জনকে মারপিট করে আটকে রাখে।

এদিকে থানা পুলিশ এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছলে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের ওপর চড়াও হয়। অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছে দুপুর ১টার দিকে পরিস্থিতি শান্ত করে এবং আটক চার জনকে থানায় নিয়ে যায়। গাবতলী মডেল থানার ওসি নুরুজ্জামান বলেন, আটক চার জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।