বগুড়ায় ইটভাটা মালিককে গলা ও রগ কেটে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোস্তাফিজার রহমান মোস্তা (৫২) নামের এক ইটের ভাটার মালিককে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে তার বাড়িসংলগ্ন পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোস্তাফিজার রহমান মোস্তা শিবগঞ্জ থানার পশ্চিম জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও এমএবি ইটের ভাটার মালিক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আলাদীপুরে তার ইটের ভাটায় যাওয়ার কথা বলে বের হন। রাত ২টা পর্যন্ত তার স্ত্রী ফোন করলেও কেউ রিসিভ করেনি। গতকাল সকালে বাড়িসংলগ্ন পুকুর পাড়ে মোস্তাফিজারের গলা কাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, পুকুর পাড়ে মরদেহ পাওয়া গেলেও সেখানে হত্যা করার কোনো আলামত নেই। একারণে তারা ধারণা করছেন মোস্তাফিজারকে অন্য কোথাও হত্যা করে মরদেহ তার বাড়ির কাছে পুকুর পাড়ে ফেলে রাখা হয়েছে। নিহতের হাত-পায়ের রগ কাটা ছাড়াও মাথায় আঘাতের চিহ্ন এবং পা ভাঙা ছিল।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।