চাঁদনী চক মার্কেটে ক্রিসেন্ট লেদারের শোরুমে আগুন

রাজধানীর নিউমার্কেট থানা এলাকার চাঁদনী চক মার্কেটে অগ্নিকাণ্ডে ক্রিসেন্ট লেদারের একটি জুতার শোরুম ও গোডাউন পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে গোডাউনে রক্ষিত প্রায় ২০ লাখ টাকার জুতা পুড়ে গেছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দেড়টায় আগুনের সূত্রপাত হয়। সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, ক্রিসেন্ট ফুটওয়্যারের জুতার শোরুমের ফলস সিলিংয়ে গোডাউন রয়েছে। দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন শোরুমের ফলস সিলিংয়ে গোডাউনে রাখা জুতায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। চামড়ার তৈরি জুতায় আগুন ধরে যাওয়ায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে অনেক সময় নিতে হয়। তবে ঐ গোডাউন থেকে আগুন চাঁদনী চক মার্কেটের অন্য দোকানে ছড়িয়ে না পরে, তার ব্যবস্থা নেয় ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৬টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।