জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আলুর দাম বেঁধে দিয়ে কখনোই মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এভাবে দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা সরকারের ভুল সিদ্ধান্ত। এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতা। এতে গুটিকয়েক ব্যবসায়ী সিন্ডিকেট করে আলু থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। গতকাল বুধবার রংপুরে জাপার প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
জি এম কাদের বলেন, ‘অল্প কিছুসংখ্যক ব্যবসায়ী আলুর সমস্ত ব্যবসাকে নিজেদের হাতের মধ্যে নিয়ে নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে বাজারটা ম্যানুপুলেট করছেন। সরকারের নিয়ন্ত্রণহীনতার কারণে সেটি করতে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। ফলে সরকার দাম বেঁধে দিলেও তা কার্যকর হচ্ছে না।’ তিনি বলেন, হঠাত্ করেই দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। ধর্ষণসহ যে কোনো অপরাধের অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। জাপার প্রেসিডিয়াম সদস্য রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৩ আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদ, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
রংপুরে দুইটি ইউনিয়নে পুনরায় ভোট
দাবি সাদ এরশাদের
ফলাফল শিট বদলে দেওয়া এবং কারচুপির অভিযোগ এনে রংপুর সদর উপজেলার পুষ্করণী ও চন্দনপাট ইউনিয়নের ভোটের ফল বর্জনের ঘোষণা দিয়েছেন এবং পুনরায় ভোটের দাবি জানিয়েছেন রংপুর-৩ আসনের জাপার এমপি সাদ এরশাদ। মঙ্গলবার রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে জাপা কার্যালয়ে এ দাবি জানান তিনি।