নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে 

নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর; নৌযান মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করেছে, আলোচনা চলমান আছে, আজকের মধ্যে এর সমাধান হবে। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) সচিবালয়স্থ তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এর সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নৌ-শ্রমিকদের মূল দাবি খোরাকি ভাতা; অবশ্যই তাদের ন্যায্য দাবি। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। ভাতাটা ন্যায্য। এর আগেও শ্রমিকরা ধর্মঘটে গিয়েছিল। আলোচনা করে সমাধান করেছি। শ্রমিকরা অসহায়। তারা শ্রম দিয়ে উপার্জন করে জীবিকা নির্বাহ করে। মালিক-শ্রমিকদের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ।  মালিক-শ্রমিকদের সাথে সমন্বয় করে এর সমাধান করব।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার সবকিছু সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। এ সরকারের সময়ে অনেক জটিল সমস্যা সমাধান হচ্ছে। সরকারের সে সক্ষমতা আছে। সমন্বয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 

সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় পায়রা বন্দর, মংলা বন্দর ও আশুগঞ্জ বন্দর সম্পর্কিত বিষয়গুলো স্থান পায়। এছাড়া সোনামুড়ানৌরুট এবং ইছামতী নদী খননের বিষয়েও আলোচনা হয়। 

প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে সম্পর্ক  প্রতিষ্ঠিত হয়েছে তা অব্যাহত রাখতে চাই। আরো শক্তিশালী করতে চাই ও কাছাকাছি আসতে চাই। 
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসআই