খুকু

রোজ রোজ চকোলেট দিতে হয় খুকিকে

সংসারে ওর মতো আছে বলো সুখী কে?

বাবা যেই প্রতিদিন যেতে চায় অফিসে

ঝটপট কাপ ভরে এনে দেয় কফি সে।

 

কফি খেয়ে বাবা দেয় আদরেব চুমুটি

সাথে সাথে খুকু তার তুলে ধরে দু’মুঠি।

হাত নেড়ে টা-টা দেয় যেন ফুলপরি সে

খুকু যেন খুকু নয়, এক অপ্সরী সে।

 

দিন শেষে বাবা যেই ঘরে ফিরে আসবে

লাফ দিয়ে কোলে উঠে খিলখিল হাসবে।

তখনি তো দূর হয় অবসাদ-ক্লান্তি

খুকু হলো এ ঘরের যত সুখ-শান্তি।

বাবা-মা’র আদরের ও আমার খুকু রে

তোর নামে স্নেহ-প্রেম আজ সবটুকু রে।