আগুন

আগুনের লেলিহান শিখা গ্রাস করে 

আমার আকাশ।

এ আগুন লকলকে জিব ক্ষুরধার করাতের ফলা

নিমেষে উজার করে মানুষের জীবন-সঞ্চয় 

            খাতাবই দোয়াত-কলম পড়ার টেবিল!

এ আগুন সূর্যের অণু

মানুষের ভেতরে বাইরে দাউ দাউ!

 

আগুন যখন দৃশ্যমান পোড়ায় বসতি ঘরবাড়ি

যখন দৃশ্যান্তরে

এ আগুন পোড়ায় বিবেক মানুষের

লকলকে লাল জিব চেটে নেয় নারীর সম্ভ্রম

দৃশ্যের অন্তরালে ড্রাগনের মতো গিলে খায় ভূমণ্ডল

এক নিমেষেই,

মানুষ তখন আর মানুষ থাকে না

মানুষ তখন হয় লোলুপ ড্রাগন!

তখুনি সে পোড়ায় বিবেক

ছাইভস্ম ওড়ায় আকাশে

তখন পৃথিবী জুড়ে ধোঁয়ার কুণ্ডলী

গ্রাস করে আগুনের উত্সমুখ

ম্লান করে সৃষ্টির গৌরব।