নতুনদের প্রাধান্য দিতেই এই রিয়েলিটি শো

সঙ্গীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণর্ধার ধ্রুব গুহ। সম্প্রতি করোনার কবল থেকে সুস্থ্য হয়ে ফিরেছেন তিনি। ‘আমার গান’ শিরোনামে একটি রিয়্যালিটি শো-এর উদ্যোগ নিয়েছে। সার্বিক বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সম্প্রতি করোনা থেকে সুস্থ্য হয়ে ফিরলেন। এখন কেমন আছেন?

এখন অনেকটাই ভালো আছি। সুস্থ্য হয়েছি, তবে এখনো শারীরিক দূর্বলতা আছে। বিশ্রামে থাকতে হবে আরো কয়েকদিন। সবার দোয়ায় অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।

 

করোনার বিরতির পর তো এখন নতুন করে আবারো কাজ শুরু হয়েছে। আপনার ব্যস্তা প্রসঙ্গে জানতে চাই?

নিজের কয়েকটি একক গান করেছি। এরমধ্যে করোনার আগের একটি গানের ভিডিওর অর্ধেক কাজ করেছিলাম। এর বাকিটা করে রিলিজ দিব। এছাড়া ধ্রুব মিউজিক স্টেশন থেকে ‘আমার গান’ শিরোনামে একটি রিয়েলিটি শো করছি। সেটি নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে।

 

রিয়েলিটি শো নিয়ে কী ধরনের পরিকল্পনা করছেন?

গতানুগতিক মিউজিক রিয়েলিটি শোর সঙ্গে এটি ভিন্ন। গান গাওয়ার পাশাপাশি যারা লিখেন ও সুর করে তাদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত আমরা দশ হাজার গান পেয়েছে। এখান থেকে ৩০ জন বাছাই করে তাদের গানগুলো রেকর্ড ও মিউজিক ভিডিও করা হবে। প্রথম তিনজনের গান থেকে নাটকও নির্মাণ করা হবে। এই শো-এর প্রধান বিচারক কুমার বিশ্বজিত্, বাপ্পা মজুমদার ও ইমরান। 

 

নতুনরা কি গানের রয়্যোলিটির নিশ্চয়তা পাবেন?

অবশ্যই পাবেন। নতুনদের প্রাধান্য দিতেই এই রিয়েলিটি শো। সবার গানের কপিরাইট করে গানগুলো প্রকাশ করা হবে। সেই চুক্তিও করা হবে।