জীবননগর উপজেলার কাশিপুর দারুল উলুম কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র নাসিমকে (৯) মারপিট করে হাত ভেঙে দেওয়ার অভিযোগে পুলিশ দুই শিক্ষককে গ্রেফতার করেছে। বুধবার রাতে শিক্ষক মাজেদ হোসেন ও শাহিন হোসেনকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে এ নির্যাতনের ঘটনা ঘটে। আহত নাসিমের বাবা উপজেলার কাশিপুর মাঝেরপাড়ার আলাউদ্দিনের অভিযোগ, শিক্ষক মাজেদ হোসেন সামান্য ঘটনায় তার ছেলেকে বেধড়ক মারপিট করে শ্রেণিকক্ষে আটকে রাখে। জোহরের আজানের পর তাকে নামাজ পড়ার জন্য ছেড়ে দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষক শাহিন হোসেন তাকে ধরে পুনরায় মারপিট করে এবং আটকে রাখে। খবর পেয়ে এলাকাবাসী গিয়ে সন্ধ্যায় তাকে উদ্ধার করে। অভিযুক্ত দুই শিক্ষক বলেন, নাসিম মাদ্রাসায় প্রায়ই অনুপস্থিত থাকে। যদিও আসে ক্লাস না করে পালিয়ে যায়। এজন্য তাকে একটু ভয় দেখিয়েছি। হয়তো বেত্রাঘাত করার সময় হাতে বেকায়দায় লেগে গেছে। এটা আমাদের করা ঠিক হয়নি। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আহত মাদ্রাসা ছাত্রের বাবা আলাউদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা রাতেই অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেফতার করেছি।