সারা দেশের মতোই ফুলবাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার সকালে মহাষষ্ঠী কল্পারম্ভের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোত্সব শুরু হয়েছে। বাংলা পঞ্জিকা মতে, এ বছর দোলায় চড়ে দেবীর আগমন ঘটেছে। গজে চড়ে দেবীর গমন ঘটবে। উপজেলার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কার্ত্তিক চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় বলেন, প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার মহাষষ্ঠীপূজার মধ্যপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আর আগামী সোমবার মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই মহাউত্সব। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, স্বাস্থ্য বিধি মেনে উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনের জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।