সৈয়দপুরে বাক্প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. মোতালেবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার আসামির অনুপস্থিতিতে মামলার রায় দেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এর বিচারক আহসান তারেক। দণ্ডপ্রাপ্ত মোতালেব জেলার সৈয়দপুর উপজেলার পূর্ব বোতলাগাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত জবান উদ্দিনের ছেলে। মামলার সূত্রমতে, ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে প্রতিবেশী বাক্প্রতিবন্ধী কিশোরীকে ঘরে আটকে ধর্ষণ করে মোতালেব। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে স্থানীয়রা সালিশ বৈঠকে মোতালেবের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। মোতালেব প্রস্তাব প্রত্যাখ্যান করে কিশোরীকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়। কিশোরীর বাবা সে প্রস্তাবে রাজি না হয়ে ২০০৭ সালের ১৭ আগস্ট মোতালেবকে আসামি করে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা দায়ের করেন।