নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে জখম

নেশার টাকা না দেওয়ায় বৃদ্ধ মাকে কুপিয়েছে তৌহিদুল ইসলাম নামের এক যুবক। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামে। নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান  বলেন, বুধবার সন্ধ্যায় তৌহিদ তার মা স্বরূপজান বেগমের কাছে নেশা করার জন্য কিছু টাকা চায়। স্বরূপজান বেগম টাকা না দিলে তৌহিদ তাকে বটি দিয়ে কুপিয়ে পলিথিনে মুড়ে গর্তের ভেতর ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার স্বরূপজান বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, তৌহিদকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।