ভারতের সফর

সবুজ সংকেত পেল অস্ট্রেলিয়া

করোনা মহামারির মধ্যেই আগামী মাসে ভারতের বিপক্ষে নিজেদের মাঠে সিরিজ শুরু করতে চাচ্ছে অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই আয়োজনে সম্মতি দিয়েছে আগেই। ক্রিকেট অস্ট্রেলিয়া গতকাল সবুজ সংকেত পেয়েছে সীমিত ওভারের দুটি ভেন্যুর রাজ্য নিউ সাউথ ওয়েলসের কাছ থেকে। সিডনি ও ক্যানাবেরায় অনুষ্ঠিত হবে সফরের সীমিত ওভারের ম্যাচগুলো।

আইপিএল থেকে ফেরার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ক্যাম্প করবেন সিডনিতেই। ফলে এখানেই কোয়ারেন্টাইনে থাকতে পারবেন দুই দলের ক্রিকেটাররা।

প্রস্তাবিত সূচি অনুযায়ী ২৭ ও ২৯ নভেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে। এরপর ১ ডিসেম্বর ক্যানাবেরার মানুকা ওভালে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ৪ ডিসেম্বর একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ৬ ও ৮ ডিসেম্বর আবার সিডনিতে শেষ দুটি টি-টোয়েন্টি খেলা হবে।

টেস্টের শুরু হবে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে। এডিলেড ওভালে ১৭ থেকে ২১ ডিসেম্বর এই পিংক বল টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর বক্সিং ডে টেস্টের মূল সূচি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু এর মধ্যে মেলবোর্নকে জৈব বলয়ের আওতায় নেওয়া সম্ভব না হলে ২৬ থেকে ৩০ ডিসেম্বর বক্সিং ডে টেস্টও এডিলেডে হবে। আর ৭ জানুয়ারি থেকে সিডনি টেস্ট ও ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শেষ টেস্ট শুরু হবে।