রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে এখনো নিয়মিত নন মোহাম্মেদ সিরাজ। একাদশে থাকলেও নতুন বল হাতে নেওয়া হয় না। গতকাল বিরাট কোহলি হঠাত্ করেই সামনে নিয়ে এলেন তাকে। আর এই সুযোগ পেয়েই আগুনের মতো জ্বলে উঠলেন সিরাজ। তার আগুনে পুড়ে ৮৪ রানে আটকে গিয়ে ম্যাচ হারলো কলকাতা নাইট রাইডার্স।
বুধবার আবুধাবিতে আগে ব্যাট করে কলকাতা ৮ উইকেটে ৮৪ রান করেন। অধিনায়ক এউইন মরগ্যান ৩০ রান করেন। জবাবে ১৩.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।
কলকাতাকে এই সামান্য রানে আটকে রাখার নায়ক ছিলেন মোহাম্মেদ সিরাজ। ৪ ওভারে ৮ রান ব্যয় করে ৩ উইকেট তুলে নেন; এর মধ্যে দুই ওভার ছিল মেডেন। ম্যাচশেষে সিরাজ বলছিলেন, তিনি নিজেও এই উদ্বোধনী বোলিং করে ত্রাস ছড়ানোর জন্য প্রস্তুত ছিলেন না, ‘আমি নতুন বলে বল করব, এমন পরিকল্পনা ছিল না। কিন্তু মাঠে এসে বিরাট ভাই বললো, ‘মিয়া, রেডিও হও।’ আমি চেষ্টা করলাম ওনার কথা রাখতে।’
মূল পরিকল্পনাটা কী ছিল, সেটা বিরাটও বলেছেন। তবে তিনিও আশা করেননি সুযোগ পেয়েই সিরাজ এমন জ্বলে উঠবেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) আর মরিস শুরু করবে। পরে মনে হলো সিরাজ আর মরিস করুন। সিরাজ তো অসাধারণ করেছে। আমরা এই ধরনের পরিবর্তনগুলো নিয়ে আগেও পরিকল্পনা করেছি। আমরা এবার নিলামে কিছু ভালো কাজ করেছি। যা ফল পাচ্ছি এখন। এটা ধরে রাখতে হবে।’