ওজিলের বিদায়ের দায় নিচ্ছেন আর্তেতা

ইউরোপা লিগের পর প্রিমিয়ার লিগ স্কোয়াড থেকেও মেসুত ওজিলের নাম ছেঁটে দিয়েছে আর্সেনাল। দলটির কোচ মিকেল আর্তেতা এর দায় নিয়ে জানিয়েছেন ৩১ বছর বয়সি এই মিডফিল্ডারের সেরাটা বের করে আনতে না পারার ব্যর্থতা তারই।

গত মঙ্গলবার রাতে লন্ডনের ক্লাবটি জানায়, চলতি প্রিমিয়ার লিগের ২৫ জনের স্কোয়াডে রাখা হয়নি ক্লাবটির সর্বোচ্চ আয় করা ফুটবলারটিকে। ফলে কার্যত আর্সেনালে নিজের শেষটাই দেখে ফেলেছেন ওজিল। এরপর বুধবার ইন্সটাগ্রামে এর প্রতিবাদ করেন জার্মান মিডফিল্ডার।

মূলত আর্সেনালের সঙ্গে ওজিলের দূরত্বের শুরু গত ডিসেম্বরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনে উইঘুর সম্প্রদায়ের প্রতি সরকারের আচরণের প্রতিবাদ করেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। এরপর নিজেদের ‘রাজনীতিতে না জড়ানোর’ বৈশিষ্ট্যটিকে তুলে ধরে আর্সেনাল কর্তৃপক্ষ নিজেদেরকে এই মন্তব্য থেকে আলাদা বলে এক বিবৃতি প্রদান করে। এরপর কিছুদিন দলে থাকলেও গত মার্চ থেকে আর একটি ম্যাচেও আর্সেনালের হয়ে মাঠে নামেননি ওজিল। করোনাকালে বেতন কমানোর বিরুদ্ধে সোচ্চার আর্সেনাল ফুটবলারদের একজনও ছিলেন তিনি।

কোচ আর্তেতা অবশ্য একে ‘ফুটবলীয় কারণেই’ ঘটেছে বলে জানালেন। বললেন, ‘একজন খেলোয়াড়ের সেরাটা বের করে আনার দায়িত্ব কোচেরই। সেটা করতে পারিনি, তার দায় আমারই। তবে মত প্রকাশের কারণে, কিংবা বেতন কমানোর বিরোধিতা করায় তাকে ছাঁটাই করা হয়েছে, এটা অসত্য ও ভুল। এটা একান্তই আমার সিদ্ধান্ত।’