দেশে ফিরেছেন মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

মালির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কাইতা বুধবার দেশে ফিরেছেন। গত আগস্টে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসপাতাল চিকিত্সার আবেদন করে তিনি দেশ ত্যাগ করেছিলেন। খবর এএফপির।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ৭৫ বছর বয়সি এ নেতা সন্ধ্যায় রাজধানী বামাকোতে অবতরণ করেন। গত ৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে মালি ত্যাগ করার পর এই প্রথমবার তিনি দেশে ফিরলেন।

মালির দীর্ঘদিন ধরে চলা জিহাদি বিদ্রোহ ও দুর্নীতিসহ আরো অনেক বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট হতাশার কারণে কাইতার নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর গত ১৮ আগস্ট তার বিপক্ষে তরুণ সামরিক কর্মকর্তারা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে। তার চিকিত্সকদের ভাষ্য অনুযায়ী, সামরিক বাহিনীর হাতে কাইতা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্দি থাকলেও মাইনর স্ট্রোক করার পর তিনি মুক্তি পান।

বুধবার এএফপির এক সাংবাদিক এ নেতার ফ্লাইট অবতরণের পরপরই বামাকোতে কাইতার বাসভবনে একটি গাড়ি বহর প্রবেশ করতে দেখেছেন। এ সময় অল্পসংখ্যক সমর্থক তাকে তার বাসভবনে স্বাগত জানান এবং ‘আইবিকে দীর্ঘজীবী হন বলে স্লোগান দেন।