ভোটের মুখে করোনায় আক্রান্ত হয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। গতকাল নিজেই টুইট করে তিনি এ কথা জানিয়েছেন। ঐদিন দুপুরে তার করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেখানে ফল পজিটিভ এসেছে। —আনন্দবাজার পত্রিকা
বিহারে আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে তিন দফায় বিধানসভার নির্বাচন। সেদিকেই নজর সবার। কারণ, করোনা পরিস্থিতির মধ্যে এই প্রথম একটি বিধানসভা নির্বাচন হতে চলেছে। ঠিক এমন সময়ে আক্রান্ত হলেন এনডিএ তথা বিহারের হেভিওয়েট নেতা সুশীল। এর ফলে ভোটের আগে গেরুয়া শিবির খানিকটা সমস্যায় পড়বে বলেই মত বিরোধীদের। কারণ, সুশীল কুমার যেমন বিহারের উপ-মুখ্যমন্ত্রী, তেমনই রাজ্যে বিজেপির অন্যতম মুখ। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। টুইটেও সে কথা জানিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে সব কিছু ঠিক আছে। শুরুতে সামান্য জ্বর ছিল। এখন শারীরিক তেমন কোনো সমস্যা নেই। ফুসফুসেরও সিটি স্ক্যান হয়েছে। তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই প্রচার অভিযানে নামবেন।