উজিরপুরের সন্ধ্যা নদী থেকে বিসিএস ক্যাডার নারী কর্মকর্তা উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলার কালীর বাজারসংলগ্ন সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে স্থানীয়রা। গত বুধবার রাত ৯টার দিকে তাকে উদ্ধারের পর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করে গ্রামবাসী। শুভ্রাতা অধিকারী (২৮) নামে ঐ নারী বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্স অফিসের কর্মকর্তা। তিনি ৩১তম বিসিএসের ক্যাডার কর্মকর্তা। তার স্বামী সঞ্জীব কর্মকার বরিশালের হিজলা উপজেলা শাখা পূবালী ব্যাংকের সেকেন্ড অফিসার। এক বছর আগে তাদের বিয়ে হয় এবং তারা বরিশাল নগরীর সদর রোড এলাকায় বসবাস করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সায় সুস্থ হওয়ার পর শুভ্রাতা বলেন, বুধবার বিকালে তিনি বাসযোগে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদি বাসস্ট্যান্ডে যান। এরপর হাঁটতে হাঁটতে শিকারপুর ব্রিজে (মেজর এম এ জলিল সেতু) যান। ব্রিজের মাঝ বরাবর যাওয়ার পর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নদী দেখছিলেন। এ সময় তিনি হঠাত্ নদীতে পড়ে যান। সাঁতার জানা থাকায় কোনোভাবে সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করেন। এভাবে কিছুক্ষণ ভেসে নদীর তীরে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। শুভ্রাতা অধিকারীকে নদী থেকে উদ্ধার করা কালীর বাজার এলাকার বাসিন্দা জসিম বেপারী জানান, নদীর তীর থেকে অন্ধকারের মধ্যে দেখতে পান হাত উঁচিয়ে কেউ বাঁচার চেষ্টা করছেন। এ সময় দেখতে পান এক নারী হাবুডুবু খাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনিসহ অন্যরা নৌকা ও ট্রলার নিয়ে ঐ নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং থানায় খবর দেন।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, উদ্ধারকৃত নারী পুলিশকে জানিয়েছে ব্রিজের ওপর থেকে তিনি মাথা ঘুরে পড়ে গেছেন; কিন্তু বিষয়টি সন্দেহজনক। তিনি অসুস্থ হওয়ায় তাকে বেশি কিছু জিজ্ঞাসা করা যায়নি।