রংপুর মহানগরীতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এক এসআইয়ের বাসায় বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে নগরীর কেরানীপাড়াস্থ এসআই রাজ্জাকের ভাড়া বাড়ি থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনের মেমোরি কার্ড চুরি হয়েছে বলে তিনি নিজ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি থানা পুলিশ ওই বাড়ির পাশে রোজার ও রেজভি নামের দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত যুবকের পরিবারের দাবি, তারা কখনো এই চুরির সঙ্গে জড়িত নয়, তাদের অযথা হয়রানি করার জন্য আটক করা হয়েছে। ডিসি ক্রাইম শহিদুল্লা মারুফ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছি যাতে নিরপরাধী কোনো ব্যক্তি শাস্তি না পায়।